রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | সময়: সকাল ৯:৫২ মিনিট
রাজধানীর পল্লবী থানায় দায়ের করা একটি মামলার গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে আবারও গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে আটক করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়।
পুলিশ জানিয়েছে, সাহেদ করিমের বিরুদ্ধে একটি সিআর (কমপ্লেইন্ট রেজিস্টার) মামলায় আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা ছিল। পল্লবী থানা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ক্যান্টনমেন্ট থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এর আগে ২০২৩ সালের ২১ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ১ কোটি ৬৯ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আদালত সাহেদ করিমকে তিন বছরের কারাদণ্ড দেন।
এরও আগে ২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা সীমান্ত এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেফতার হন সাহেদ। করোনা মহামারির সময় রিজেন্ট হাসপাতালের করোনা পরীক্ষা জালিয়াতি, প্রতারণা ও নানা অনিয়মের অভিযোগে তিনি দেশজুড়ে আলোচনায় আসেন।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র, প্রতারণা, জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অভিযোগে ৩৬টিরও বেশি মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে মামলার সংখ্যা বেড়ে মোট ৯৬টিতে পৌঁছায়।
২০২৪ সালের ৪ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান সাহেদ করিম। সে সময় তার বিরুদ্ধে থাকা সব মামলায় জামিন মঞ্জুর হওয়ায় তিনি কারামুক্ত হন। তবে মামলাগুলোর মধ্যে পাঁচটিতে তিনি সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
এছাড়া ২০১০ সালের ১৮ আগস্ট একটি চেক জালিয়াতি মামলায় আদালত সাহেদ করিমকে ছয় মাসের কারাদণ্ড এবং ৫৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
সর্বশেষ এই গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর আইনি কার্যক্রম নতুন করে গতি পাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে পুলিশ এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

ছবি: গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিম। (ফাইল ছবি)





