
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে একান্ত বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, মাগরিবের নামাজের আগে ডা. শফিকুর রহমানকে চা পানের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে তাঁর কার্যালয়ে যান বিরোধীদলীয় নেতা। বৈঠকে দুই নেতা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রতিক সহিংসতা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়। সূত্রের তথ্য অনুযায়ী, রাজনৈতিক মতপার্থক্য দূরে রেখে দেশের চলমান পরিস্থিতি মোকাবিলা এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থানে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা।
এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করাসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় প্রধানমন্ত্রীর নজরে আনেন।
তবে বৈঠকে আলোচিত বিষয়গুলো নিয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়েছে কি না, কিংবা পরবর্তী সময়ে এ বিষয়ে কী ধরনের উদ্যোগ নেওয়া হবে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার এই একান্ত বৈঠক দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।






