দুই দিনের সফরে ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

১৯ নভেম্বর ২০২৬ | বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক | টাইম টিভি২৪

দুই দিনের সফরে আগামী ৭ ডিসেম্বর বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রধানমন্ত্রী তারেক রহমানের গত জুনে মালয়েশিয়া সফরের ফিরতি সফর হিসেবে তিনি ঢাকায় আসছেন। সবকিছু ঠিক থাকলে ৭ ও ৮ ডিসেম্বর তাঁর এই সফর অনুষ্ঠিত হবে। বিএনপি সরকার গঠনের পর এটি বাংলাদেশে কোনো বিদেশি সরকারপ্রধানের প্রথম সফর হতে যাচ্ছে।

ঢাকা ও কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, ৭ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে আনোয়ার ইব্রাহিমের। দুই দিনের সফর নির্ধারিত থাকলেও ঢাকায় তাঁর অবস্থান হতে পারে প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টা। ঢাকা সফর শেষে তিনি ব্যাংককের উদ্দেশে রওনা হবেন।

সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, শ্রমবাজার, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি ও শিক্ষা খাত নিয়ে আলোচনা হতে পারে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত জুনে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফরে মালয়েশিয়া গিয়েছিলেন তারেক রহমান। সেখানে দুই দেশের শীর্ষ নেতার বৈঠকে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। প্রায় পাঁচ মাসের ব্যবধানে আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরে আগের আলোচনাগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং নতুন সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হতে পারে।

তারেক রহমানের জুনের মালয়েশিয়া সফরে দুই দেশের মধ্যে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়। এ ছাড়া সন্ত্রাসবাদ দমনে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা এবং বিনিয়োগসংক্রান্ত দলিল বিনিময় করা হয়।

এবার আনোয়ার ইব্রাহিমের সফরেও কয়েকটি সমঝোতা স্মারক ও ‘নোট অব এক্সচেঞ্জ’ সই হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, তথ্য ও সম্প্রচার এবং তথ্যপ্রযুক্তি খাতে দুটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে দুই দেশের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি।

গত ১৮ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনোয়ার ইব্রাহিমের সফর প্রস্তুতি নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সফরসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

dhakapost

শ্রমবাজার নিয়ে আলোচনায় গুরুত্ব

মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার। দেশটিতে বাংলাদেশি কর্মী নিয়োগের সুযোগ সম্প্রসারণ, নিরাপদ অভিবাসন এবং কর্মীদের স্বার্থ সুরক্ষার বিষয়গুলোও আনোয়ার ইব্রাহিমের সফরে গুরুত্ব পেতে পারে।

২০২৪ সাল থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে। শ্রমবাজারটি পুনরায় চালুর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনের মালয়েশিয়া সফরেও বিষয়টি গুরুত্ব পায়।

সরকারি উদ্যোগে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনার কথা জানানো হয়েছে। এ নিয়োগ কার্যক্রমে অভিবাসন ব্যয় কমানো এবং স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় রয়েছে। প্রথম ধাপে ১১২ জন কর্মী পাঠানোর জন্য বাছাই ও স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম শুরুর তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সরকারি কর্মকর্তাদের মতে, আনোয়ার ইব্রাহিমের সফর দুই দেশের শ্রমবাজারসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করবে।

dhakapost

উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ সফর করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রায় দুই বছরের ব্যবধানে আবারও ঢাকায় আসছেন তিনি। এবারের সফরে বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশের আলোচনায় নতুন অগ্রগতি আসতে পারে বলে আশা করা হচ্ছে।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *