
টাইম টিভি২৪ | নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের স্থাপত্যশিল্পে যুক্ত হলো আরেকটি আন্তর্জাতিক অর্জন। গাইবান্ধার ফ্রেন্ডশিপ সেন্টারের প্রকৃতিবান্ধব ও পরিবেশসম্মত নকশার জন্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন বাংলাদেশের স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী ও তাঁর স্থাপত্য প্রতিষ্ঠান আর্বানা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্ট (মোমা) প্রবর্তিত ‘আম্বাস-মোমা বার্ষিক পুরস্কার’-এর প্রথম আসরে বিজয়ী নির্বাচিত হয়েছে তাঁর এই স্থাপত্যকর্ম। পুরস্কারটির মোট অর্থমূল্য ২ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৪৯ লাখ টাকা।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রথমবারের মতো এ পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হয়। আগামী ১২ ডিসেম্বর নিউইয়র্কের মোমায় আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দেওয়া হবে।
পুরস্কারের মোট অর্থের মধ্যে স্থপতি কাশেফ চৌধুরী ও তাঁর প্রতিষ্ঠান পাবেন ১ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২৪ লাখ টাকা। বাকি ১ লাখ ডলার ব্যয় করা হবে আর্জেন্টিনার গ্রান চাকো অঞ্চলে বন পুনরুদ্ধার ও বনায়ন কার্যক্রমে। বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের সম্মানে এই কার্যক্রম পরিচালনা করবে অলাভজনক প্রতিষ্ঠান ফুন্দাসিওন গ্রান চাকো।
মোমার ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ৩০ বছরে বিশ্বের যেকোনো স্থানে নির্মিত এমন স্থাপত্যকর্মকে এ পুরস্কারের জন্য বিবেচনা করা হয়, যা স্থাপত্যের সঙ্গে প্রকৃতির সম্পর্ক পুনঃস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অর্থমূল্যের দিক থেকে একক স্থাপত্য প্রকল্পের জন্য এটিকে বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার হিসেবে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।
প্রথমবারের এই পুরস্কারের জন্য বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১৪০টি স্থাপত্য প্রকল্প বিবেচনায় নেওয়া হয়। মনোনয়ন প্রক্রিয়ায় অংশ নেন বিভিন্ন দেশের ৩০ জন বিশেষজ্ঞ। দীর্ঘ পর্যালোচনা ও মূল্যায়ন শেষে গাইবান্ধার ফ্রেন্ডশিপ সেন্টারকে বিজয়ী হিসেবে নির্বাচন করেন বিচারকেরা।
প্রায় এক বছর ধরে স্থপতি কাশেফ চৌধুরীর বিভিন্ন স্থাপত্য প্রকল্প পর্যালোচনা করেন আয়োজকেরা। গত অক্টোবরে একজন বিচারক ঢাকা, কেরানীগঞ্জ, গাইবান্ধা, সিলেট ও বরিশালে তাঁর বিভিন্ন স্থাপত্যকর্ম পরিদর্শন করেন। এ সময় নকশা ও নির্মাণসংক্রান্ত বিস্তারিত তথ্যও সংগ্রহ করা হয়। তবে পুরো মূল্যায়ন প্রক্রিয়ার বিষয়টি জানতেন না স্থপতি কাশেফ চৌধুরী।
মোমার আম্বাস ইনস্টিটিউটের পরিচালক ইভানজেলোস কোটসিওরিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, আঞ্চলিক নির্মাণরীতি, পানি, উদ্ভিদ এবং স্থানীয়ভাবে পরিচিত নির্মাণসামগ্রী ইটের সমন্বয়ে ফ্রেন্ডশিপ সেন্টার দেখিয়েছে, সীমিত উপকরণ ব্যবহার করেও স্থাপত্যে সমৃদ্ধ অভিজ্ঞতা তৈরি করা সম্ভব। পরিবেশ ও প্রকৃতির সঙ্গে স্থাপত্যের সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত এই স্থাপনা।
যেভাবে গড়ে উঠেছে ফ্রেন্ডশিপ সেন্টার
গাইবান্ধা জেলা শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামে অবস্থিত ফ্রেন্ডশিপ সেন্টার। ২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে এর নকশা ও নির্মাণকাজ সম্পন্ন হয়। ব্রহ্মপুত্র-যমুনা নদীর বদ্বীপ অঞ্চলে বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের কার্যক্রম পরিচালনা ও প্রশিক্ষণের জন্য এটি নির্মাণ করা হয়েছিল।
প্রায় ৯ হাজার ২১০ বর্গমিটার জমির ওপর গড়ে ওঠা এই স্থাপত্য কমপ্লেক্সের ভবনের আয়তন প্রায় ৩১ হাজার বর্গফুট। এর নকশায় প্রাচীন মহাস্থানগড়ের স্থাপত্যশৈলী থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। স্থানীয় মানুষের হাতে তৈরি ইট দিয়ে নির্মিত কমপ্লেক্সটিতে রয়েছে খোলা উঠান, খিলান, বাগান ও জলাধার।
দুটি চতুর্ভুজ আকৃতির ব্লকে বিভক্ত ফ্রেন্ডশিপ সেন্টারের একটি অংশে রয়েছে কার্যালয়, শ্রেণিকক্ষ, পাঠাগার ও ধ্যানের জায়গা। অন্য অংশে রয়েছে আবাসন ও খাবারের ব্যবস্থা। ভবনের ছাদে ঘাস লাগানো হয়েছে, ফলে দূর থেকে স্থাপনাটিকে আশপাশের সবুজ মাঠের সঙ্গে মিশে থাকতে দেখা যায়।
প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নির্মাণশৈলী
ফ্রেন্ডশিপ সেন্টারের অন্যতম বিশেষত্ব হলো, প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মাণ ব্যয় ও জ্বালানির ব্যবহার কমানোর পরিকল্পনা। বন্যাপ্রবণ ও দুর্বল মাটির এলাকায় ব্যয়বহুল উঁচু ভিত্তি নির্মাণের পরিবর্তে চারপাশের মাটি সংকুচিত করে বাঁধ তৈরি করা হয়েছে। সেই বাঁধের ভেতরের নিচু জমিতে গড়ে তোলা হয়েছে পুরো স্থাপনা।
সবুজ ছাদ, খোলা উঠান ও বৃষ্টির পানি সংরক্ষণের জলাধার ভবনটিকে তুলনামূলক শীতল রাখতে সহায়তা করে। পাশাপাশি প্রাকৃতিক আলো ও বাতাস চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। ফলে ব্যয়বহুল শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর নির্ভরতা ছাড়াই ভবনের ভেতরে আরামদায়ক পরিবেশ তৈরি করা সম্ভব হয়েছে।
আগেও পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি
ফ্রেন্ডশিপ সেন্টার এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা ও স্বীকৃতি অর্জন করেছে। ২০১২ সালে স্থাপত্যবিষয়ক সাময়িকী ‘দ্য আর্কিটেকচারাল রিভিউ’-এর উদীয়মান স্থাপত্য পুরস্কার অর্জন করে প্রকল্পটি। এরপর ২০১৬ সালে পায় বিশ্বের অন্যতম সম্মানজনক ‘আগা খান স্থাপত্য পুরস্কার’।
নতুন এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রসঙ্গে স্থপতি কাশেফ চৌধুরী শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘এ পুরস্কার খুব সম্মানের। আর বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের কোনো প্রকল্প যখন আন্তর্জাতিক স্বীকৃতি পায়, তখন আনন্দটা আরও বেশি হয়।’
তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের নামটি উঠে এসেছে। দেশকে প্রতিনিধিত্ব করতে পারাটাই আমাদের বড় পাওয়া।’
গাইবান্ধার প্রত্যন্ত অঞ্চলে নির্মিত একটি স্থাপত্য প্রকল্পের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম তুলে ধরার এই অর্জন দেশের স্থাপত্যশিল্পের জন্য নতুন স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।






