মৃত্যুর প্রায় তিন বছর পর মিলল খোঁজ, ফ্ল্যাটের ভেতর কঙ্কাল হয়ে পড়ে ছিলেন ৭২ বছর বয়সী নারী চিকিৎসক

মিশরের গিজা প্রদেশের আল-হারাম এলাকার একটি ফ্ল্যাট থেকে ৭২ বছর বয়সী এক নারী চিকিৎসকের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। প্রায় তিন বছর আগে ওই ফ্ল্যাটেই তাঁর মৃত্যু হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিষয়টি কারও নজরে আসেনি। অবশেষে ফ্ল্যাট খালি করার জন্য আদালতের নির্দেশ বাস্তবায়ন করতে গিয়ে বেরিয়ে আসে এই হৃদয়বিদারক ঘটনা।

গত ৬ নভেম্বর (শুক্রবার) পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আদালতের নির্দেশে একটি ফ্ল্যাটের দখল বুঝিয়ে দেওয়ার কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ফ্ল্যাটের দরজা খুলতেই ভেতরে একটি কঙ্কাল দেখতে পান তাঁরা। পরে জানা যায়, সেটি ওই ফ্ল্যাটে বসবাসকারী ৭২ বছর বয়সী এক নারী চিকিৎসকের দেহাবশেষ।

মিশরীয় সংবাদমাধ্যম ও আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ওই নারী ছিলেন একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ এবং দেশটির সাবেক এক মন্ত্রীর বোন। স্বামীর মৃত্যুর পর তিনি একাই বসবাস করতেন। ধীরে ধীরে প্রতিবেশী ও পরিচিতজনদের সঙ্গে তাঁর যোগাযোগ কমে যায়। একপর্যায়ে তিনি প্রায় বিচ্ছিন্ন জীবনযাপন শুরু করেন।

ঘটনার সূত্রপাত ফ্ল্যাটের ভাড়া নিয়ে বিরোধ থেকে। দীর্ঘদিন ভাড়া না পাওয়ায় ফ্ল্যাটের মালিক আদালতের শরণাপন্ন হন। মামলায় রায় পাওয়ার পর গত ৬ নভেম্বর পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ফ্ল্যাটটি খালি করতে যান তিনি। তখনই সামনে আসে ওই নারীর মৃত্যুর ঘটনা।

স্থানীয়দের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ওই চিকিৎসককে এলাকায় দেখা যায়নি। অনেকে ধারণা করেছিলেন, তিনি হয়তো অন্য কোথাও চলে গেছেন। কিন্তু বাস্তবে তাঁর দেহাবশেষ পড়ে ছিল নিজের ফ্ল্যাটের ভেতরেই।

চিকিৎসা ও তদন্ত-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, তাঁর মৃত্যুর সময়কাল প্রায় তিন বছর আগে। মিশরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে প্রকাশিত প্রতিবেদনে স্বাভাবিক কারণে মৃত্যুর কথা জানানো হয়েছে। এ ঘটনায় অপরাধমূলক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

ঘটনাটি সামনে আসার পর একাকী বসবাসকারী প্রবীণ মানুষদের খোঁজখবর রাখা এবং পারিবারিক ও সামাজিক যোগাযোগের গুরুত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

একজন মানুষ দীর্ঘদিন যোগাযোগের বাইরে থাকলেও তাঁর অনুপস্থিতি যেন কারও নজর এড়িয়ে না যায়—এমন সচেতনতার প্রয়োজনীয়তাও তুলে ধরছে ঘটনাটি।

সূত্র: আলজাজিরা, আল-আহরাম ও মাসরাওয়ি।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *