নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ জুলাই ২০২৬ | সময়: দুপুর ১:২৫ মিনিট
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভিডিওটি সোমবার (২০ জুলাই) রাত থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওটি নিয়ে সৃষ্টি হওয়া বিতর্কের পর মঙ্গলবার (২১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, ভিডিওতে দেখা যাওয়া নারী তার দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়াম বেগম। তাদের সম্পর্ককে ভিন্নভাবে উপস্থাপন করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
গাজী নজরুল ইসলাম জানান, গত ১৩ জুলাই তিনি তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা বেগম এবং দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়াম বেগমকে নিয়ে রাজধানীর মগবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবা মো. মাসুম বিল্লাহর ব্যবসায়িক অফিসে যান। সেখানে অবস্থানকালে তার গাড়িচালক ও দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ বাইরে যাওয়ার কথা বলে কয়েকজন অপরিচিত ব্যক্তিকে নিয়ে কক্ষে প্রবেশ করেন।
তার অভিযোগ, ওই ব্যক্তিরা তাদের জিম্মি করে প্রথমে এক লাখ টাকা আদায় করেন। পরে ভাড়াকৃত গাড়ি আটকে রেখে আরও কয়েক লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।
সংসদ সদস্যের ভাষ্য অনুযায়ী, দ্বিতীয় স্ত্রীর বাবা মো. মাসুম বিল্লাহর সঙ্গে ওবায়দুল্লাহর পূর্বের পারিবারিক বিরোধ ও শত্রুতার জের ধরেই পুরো ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।
তিনি আরও দাবি করেন, ওই সময় তার ও দ্বিতীয় স্ত্রীর ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্ত গোপনে ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে এটিকে বিবাহবহির্ভূত সম্পর্ক হিসেবে প্রচার করা হয়, যা তার ভাষায় ‘সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’।
গাজী নজরুল ইসলাম জানান, গত ১৭ জুন ২০২৬ তারিখে পারিবারিকভাবে এবং তার প্রথম স্ত্রীর সম্মতিতে মোছা. মরিয়াম বেগমের সঙ্গে তার বৈধভাবে বিয়ে সম্পন্ন হয়। ফলে ভিডিওকে কেন্দ্র করে যেসব তথ্য ছড়ানো হচ্ছে, তার কোনো সত্যতা নেই বলে তিনি দাবি করেন।
পোস্টের শেষাংশে তিনি তার ব্যক্তিগত গোপনীয়তা ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগ এনে ঘটনার দ্রুত, নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভিডিওটির সত্যতা বা এমপি গাজী নজরুল ইসলামের দাবির বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: এমপি গাজী নজরুল ইসলামের ভেরিফায়েড ফেসবুক পোস্ট

ছবিঃ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। (ফাইল ছবি)






