
আন্তর্জাতিক ডেস্ক
বকেয়া পরিশোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে ইরানের কাসপিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ জব্দ করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার তুরস্ক ও ইরানের গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, সোমবার ইস্তাম্বুল থেকে তেহরানগামী উড়োজাহাজটি যাত্রী নিয়ে উড্ডয়নের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল। এ সময় আদালতের জারি করা বাজেয়াপ্তকরণ আদেশের ভিত্তিতে বিমানটি আটকে দেন ইস্তাম্বুল বিমানবন্দরের কর্মকর্তারা।
প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তাম্বুল বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে প্রায় ৩০ লাখ ইউরো বকেয়া রয়েছে কাসপিয়ান এয়ারলাইন্সের। এ বকেয়া পরিশোধ না করার কারণেই আদালতের আদেশে উড়োজাহাজটি আটকে দেওয়া হয়েছে। এর সঙ্গে ইরানের বিমান সংস্থাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞার সরাসরি কোনো সম্পর্ক নেই।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে কাসপিয়ান এয়ারলাইন্স জানিয়েছে, প্রশাসনিক জটিলতার কারণে ইস্তাম্বুল থেকে তেহরানগামী একটি বোয়িং উড়োজাহাজের পরিচালনায় সাময়িক স্থবিরতা তৈরি হয়েছে। উড্ডয়ন স্থগিত হওয়ায় উড়োজাহাজ থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।
এয়ারলাইন্সটি আরও জানিয়েছে, ইস্তাম্বুল বিমানবন্দর পরিষেবা বাবদ বকেয়া অর্থ নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। দ্রুত উড়োজাহাজটি ইরানে ফিরে যাবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
এ ঘটনায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া জানতে চেয়েছিল ফরাসি বার্তা সংস্থা এএফপি। তবে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে চলতি মাসের শুরুতে ইরানের বিমান সংস্থাগুলোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। এসব নিষেধাজ্ঞায় বলা হয়, ইরানের এয়ারলাইন্সগুলোর সঙ্গে বাণিজ্যিক লেনদেনে যুক্ত প্রতিষ্ঠানগুলো ডলারভিত্তিক আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়তে পারে।
তবে তুরস্ক এখন পর্যন্ত এসব মার্কিন নিষেধাজ্ঞা পুরোপুরি কঠোরভাবে কার্যকর করেনি। ইরান এয়ারসহ কয়েকটি ইরানি বিমান সংস্থা তুরস্ক ও ইরানের মধ্যে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করছে।
অন্যদিকে ইরানের অন্যতম প্রধান পণ্য পরিবহনকারী বিমান সংস্থা মহান এয়ার জানিয়েছে, আঙ্কারার অনুরোধের পরিপ্রেক্ষিতে তুরস্কে তাদের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সূত্র: এএফপি






