তারিখ: ২২ জুলাই ২০২৬, বুধবার | প্রকাশকাল সকাল ৯:৩০ মিনিট
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে খলিল আল-হাইয়াকে ঘোষণা করেছে। তিনি ২০২৪ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হয়েছেন।
২০২৪ সালে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াহ, রাজনৈতিক প্রধান ইয়াহিয়া সিনওয়ার এবং সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ নিহত হওয়ার পর সংগঠনটির শীর্ষ নেতৃত্বে বড় ধরনের শূন্যতা তৈরি হয়। সেই প্রেক্ষাপটে খলিল আল-হাইয়ার প্রভাব ও গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, কূটনৈতিক যোগাযোগ এবং সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণে তিনি হামাসের রাজনৈতিক শাখার নেতৃত্ব দেবেন।
১৯৬০ সালে গাজা উপত্যকায় জন্মগ্রহণকারী খলিল আল-হাইয়া ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটির সঙ্গে যুক্ত রয়েছেন। দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন এই নেতা হামাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং সংগঠনের নীতিনির্ধারণী পর্যায়ে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
বিশ্লেষকদের মতে, গাজায় চলমান যুদ্ধ, মানবিক সংকট এবং আন্তর্জাতিক চাপের মধ্যেই হামাসের নতুন রাজনৈতিক প্রধান হিসেবে খলিল আল-হাইয়ার সামনে বড় ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে। একই সঙ্গে ভবিষ্যৎ কূটনৈতিক ও রাজনৈতিক কৌশল নির্ধারণেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা

ছবিঃ হামাসের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান খলিল আল-হাইয়া। (ফাইল ছবি )





