প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৬ | বুধবার | সময়: সকাল ৭টা ৪৮ মিনিট

ছবি: জামায়াতে ইসলামীর সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম ও বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম।
নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য নির্ধারিত পরিদর্শন কক্ষ উদ্বোধনকে কেন্দ্র করে নামফলকে নাম থাকা নিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম ও বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলামের মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
জানা যায়, সংসদ সদস্যদের ব্যবহারের জন্য নির্ধারিত পরিদর্শন কক্ষটির উদ্বোধন অনুষ্ঠানে হাফেজ আব্দুল মুনতাকিম উপস্থিত ছিলেন। পরে খবর পেয়ে সেখানে যান বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম।
পরিদর্শন কক্ষের নামফলকে শুধু আব্দুল মুনতাকিমের নাম থাকায় আপত্তি জানান বিলকিস ইসলাম। তার প্রশ্ন, কক্ষটি সব সংসদ সদস্যের ব্যবহারের জন্য নির্ধারিত হলে সেখানে একজন সংসদ সদস্যের নাম কেন থাকবে। এ নিয়ে দুই সংসদ সদস্যের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
বিলকিস ইসলাম বলেন, সংসদ সদস্যদের বসার জন্য উপজেলা পরিষদে একটি পরিদর্শন কক্ষ থাকা স্বাভাবিক। অন্য এলাকার মন্ত্রী বা সংসদ সদস্যরাও সেখানে বসতে পারেন। তবে কক্ষটি উদ্বোধনের বিষয়ে তাকে আগে জানানো হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তার দাবি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে নীলফামারী-৩ ও নীলফামারী-৪ আসনের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। কক্ষটি সবার জন্য হলে নামফলকেও সবার জন্য গ্রহণযোগ্য ব্যবস্থা থাকা উচিত।
বিলকিস ইসলাম আরও বলেন, জামায়াতের সংসদ সদস্য কক্ষটি তার ভৌগোলিক এলাকার অধীন বলে দাবি করেছেন। তবে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে তার দায়িত্বের পরিধি পুরো বাংলাদেশজুড়ে। কিশোরগঞ্জ ও জলঢাকাতেও পরিদর্শন কক্ষ রয়েছে, কিন্তু সেসব কক্ষের নামফলকে কোনো একক সংসদ সদস্যের নাম নেই বলে দাবি করেন তিনি।
অন্যদিকে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, বিষয়টি নিয়ে তিনি সরাসরি সাক্ষাতে বিস্তারিত জানাবেন। ফোনে বক্তব্য দিলে তা ভুলভাবে উপস্থাপিত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।
সাধারণভাবে, কোনো সরকারি স্থাপনা বা কক্ষ উদ্বোধন করলে উদ্বোধনকারী বর্তমান সংসদ সদস্যের নাম নামফলকে থাকতে পারে। তবে এটি কোনো সাংবিধানিক বা সর্বজনীন বাধ্যতামূলক নিয়ম নয়। ফলে পরিদর্শন কক্ষটির নামফলকে শুধু উদ্বোধনকারী সংসদ সদস্যের নাম রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ©
Disclaimer: The information published by Time tv24 is collected from available sources and is published in good faith for public interest. Allegations mentioned in any report are presented as allegations and do not constitute a final determination of guilt. Shaplapur News does not intend to defame or harm the reputation of any individual, organization, or institution. If any information is found to be inaccurate or requires correction, please contact us for appropriate review and correction.
© 2026 Time tv24. All Rights Reserved.






