বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের আটটি বিভাগের মধ্যে বর্তমানে চারটি বিভাগ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত। তিনি বলেন, এমন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের মানবিক দায়িত্ব।
শুক্রবার দুপুরে চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে বাঁশখালীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান ঘোষণা দেন, চলমান বন্যায় চট্টগ্রাম বিভাগে যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারকে আগামী তিন দিনের মধ্যে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
ত্রাণ কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী এটিকে ত্রাণ নয়, বরং ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি একটি উপহার হিসেবে বিবেচনা করে। তিনি জানান, দলটি অতীতের মতো ভবিষ্যতেও বন্যাদুর্গত মানুষের পাশে থাকবে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। যাদের ঘরবাড়ি, ফসল বা মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের তালিকা প্রণয়ন করে দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।
এ ছাড়া সরকারি ও বেসরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত এবং অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান জামায়াত আমির।

বন্যার্তদের মাঝে জামায়াত আমীর ডাক্তার শফিকুর রহমান
অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





