২২ নভেম্বর থেকে বাংলাদেশ সফরে আসছেন মুফতি তাকি উসমানী, থাকছে ৯টি গুরুত্বপূর্ণ কর্মসূচি

মুসলিম বিশ্বের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, পাকিস্তানের বিশিষ্ট আলেম ও শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানীর বাংলাদেশ সফরের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হওয়া সাত দিনের এই সফরে তিনি ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মোট ৯টি গুরুত্বপূর্ণ ধর্মীয় কর্মসূচিতে অংশ নেবেন।

মুফতি মিজানুর রহমান সাঈদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সফরের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে। এতে আন্তর্জাতিক ইসলামি মহাসমাবেশ, দস্তারবন্দী সম্মেলন, জাতীয় উলামা সম্মেলন, ইসলাহী সম্মেলন এবং ঐতিহ্যবাহী দরসে বুখারিসহ বিভিন্ন আয়োজনের কথা জানানো হয়েছে।

ঘোষিত সূচি অনুযায়ী, ২২ নভেম্বর (রোববার) ঢাকায় পৌঁছানোর মধ্য দিয়ে শুরু হবে তাঁর বাংলাদেশ সফর। প্রথম দিন মাগরিব অথবা এশার পর শায়েখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে আয়োজিত ১৫তম সাল্লা দস্তারবন্দী ও আন্তর্জাতিক ইসলামী মহাসমাবেশে অংশ নেবেন তিনি।

২৩ নভেম্বর (সোমবার) এশার পর পুরান ঢাকার জামিয়া আরাবিয়া ফরিদাবাদসংলগ্ন ধূপখোলা মাঠে অনুষ্ঠিতব্য ৭০তম সাল্লা দস্তারবন্দী সম্মেলনে উপস্থিত থাকবেন মুফতি তাকি উসমানী।

২৪ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী দারুল উলুম হাটহাজারী মাদরাসা পরিদর্শনে যাবেন তিনি। এ সফরকে ঘিরে চট্টগ্রামের ধর্মপ্রাণ মুসলমান ও আলেম-উলামাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

২৫ নভেম্বর (বুধবার) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নরসিংদীর হেরিটেজ রিসোর্টে যাত্রাবিরতি শেষে সিলেটের উদ্দেশে রওনা হবেন তিনি। একই দিন এশার পর সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত উলামা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

২৬ নভেম্বর (বৃহস্পতিবার) মাগরিবের পর বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) ও আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় উলামা সম্মেলনে অংশ নেবেন তিনি।

২৭ নভেম্বর (শুক্রবার) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে জুমার খুতবা ও বয়ান পেশ করবেন প্রখ্যাত এই ইসলামি চিন্তাবিদ। একই দিন এশার পর কেরানীগঞ্জের জামিয়া হাকিমুল উম্মতে আয়োজিত ইসলাহী সম্মেলনে অংশ নেবেন তিনি।

সফরের শেষ দিন ২৮ নভেম্বর (শনিবার) মাগরিবের পর ঢাকার জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীতে বুখারি শরিফের শেষ পাঠ বা ঐতিহ্যবাহী দরসে বুখারি প্রদান করবেন মুফতি মুহাম্মদ তাকি উসমানী।

আয়োজক সূত্রে জানা গেছে, মুফতি তাকি উসমানীর শারীরিক অবস্থা ও বার্ধক্যজনিত দুর্বলতার বিষয়টি বিবেচনায় নিয়ে সফরসূচিতে কয়েক দফা পরিবর্তন আনা হয়েছে। প্রাথমিক পরিকল্পনায় প্রতিদিন একাধিক কর্মসূচি রাখার কথা থাকলেও গত ৬ নভেম্বর চূড়ান্ত সময়সূচি নির্ধারণের সময় তাঁর ওপর শারীরিক চাপ কমাতে কর্মসূচির সংখ্যা সীমিত করা হয়। এর ফলে পূর্বনির্ধারিত তালিকায় থাকা কয়েকটি গুরুত্বপূর্ণ আয়োজন বাদ দেওয়া হয়েছে।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *