
ছবি: গরু চুরির অভিযোগে গ্রেপ্তার হওয়া মো. রফিকুল ইসলাম বিশ্বাস (৩৭)
নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় গরু চুরির অভিযোগে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মো. রফিকুল ইসলাম বিশ্বাস (৩৭) সারুলিয়া গ্রামের হামিদ বিশ্বাসের ছেলে। তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে পুলিশ জানিয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গরু চুরির একটি মামলায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১৪ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে কাশিপুর ইউনিয়নের বসুপুটি গ্রামের গোপাল নামে এক ব্যক্তির গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টা করে একটি চোরচক্র। এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার করলে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। পরে গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে এসে চোরদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি গরু উদ্ধার করা হয়।
এ ঘটনার সিসিটিভি ফুটেজে কয়েকজন মুখোশধারী ব্যক্তিকে দেশীয় অস্ত্র হাতে গোয়ালঘর থেকে গরু নিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখা যায়। বাড়ির লোকজন বাধা দিলে তাদের গুলি করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসির তত্ত্বাবধানে এসআই মো. তারেক রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার অন্যান্য আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তথ্যসূত্র: সমকাল | ১৮ মার্চ ২০২৬






