- 🕒 প্রকাশকাল: ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার
- 📰 সূত্র: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার বক্তব্য, ডিএনসি।
কক্সবাজারের রামু উপজেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেট কারে মাদক পাচারের সময় ৬ হাজার পিস ইয়াবাসহ তিন সদস্যের একটি পাচারকারী চক্রকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (১৫ জুলাই) সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— কুমিল্লার চৌদ্দগ্রামের শালুকিয়া গ্রামের আবদুল গফুরের ছেলে সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জের পশ্চিম নাউ এলাকার মৃত শহিদুল ইসলাম সুরুজের মেয়ে সিমা ইসলাম (২২) এবং মিরপুর-১ এলাকার কামরুজ্জামান রনির মেয়ে উর্মি আক্তার উষা (১৯)।
কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রাইভেট কারটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়ি থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তিনজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, টেকনাফ থেকে ইয়াবার চালান সংগ্রহ করে সেটি রাজধানী ঢাকায় নেওয়া হচ্ছিল। অভিযুক্তরা নজর এড়াতে গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার ব্যবহার করেছিল বলে অভিযোগ রয়েছে।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ছবি: সংগৃহীত






