পদ্মায় জেলের জালে ধরা পড়ল এক মণের কাতলা, বিক্রি হলো ৪৬ হাজার ৮০০ টাকায়

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা পাথরঘাট এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় এক মণ ওজনের একটি বিশাল আকৃতির কাতলা মাছ। মাছটি প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দরে মোট ৪৬ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার সন্ধ্যায় স্থানীয় জেলে মুরাদ ও তাঁর সঙ্গীরা প্রতিদিনের মতো পদ্মায় বেড়জাল ফেলেন। কয়েক ঘণ্টা পর জালে বড় কিছু আটকা পড়েছে বলে তারা ধারণা করেন। জাল তীরে তোলার পর দেখা যায়, সেটি একটি বিরল আকারের কাতলা মাছ।

জেলেরা জানান, তাদের জালে এর আগে এত বড় কাতলা কখনো ধরা পড়েনি। পরে ভেড়ামারার বাসিন্দা রিপন আলী ও তাঁর কয়েকজন বন্ধু মিলে মাছটি কিনে নিয়ে নিজেদের মধ্যে ভাগ করে নেন।

স্থানীয় বাসিন্দা হাসান আলী বলেন, জীবনে এত বড় কাতলা মাছ তিনি আগে দেখেননি। তাঁর জানা মতে, পদ্মার ওই অংশে এর আগে এমন বড় কাতলা ধরা পড়ার নজিরও নেই।

ছবি: পদ্মায় কাতলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *