তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক

ছবি: তুরস্কের পার্লামেন্টের স্পিকার নুমান কুরতুলমুশের সঙ্গে ডা. শফিকুর রহমান।

তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুরস্কের পার্লামেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে তুরস্ক পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে জামায়াতে ইসলামীর ভূমিকা, রোহিঙ্গা সংকট এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে তুরস্কের পার্লামেন্টের স্পিকার নুমান কুরতুলমুশ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার নতুন যাত্রার জন্য অভিনন্দন জানান বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেন বলেও জানানো হয়।

ডা. শফিকুর রহমান বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর দলের ভূমিকা সম্পর্কে তুরস্কের পার্লামেন্টের স্পিকারকে অবহিত করেন। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন।

রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য তুরস্কের সহযোগিতা ও মানবিক ভূমিকার জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। এ সময় তুরস্কের প্রেসিডেন্টের উদ্দেশে লেখা একটি চিঠি পার্লামেন্টের স্পিকারের কাছে হস্তান্তর করেন তিনি।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

দুই দেশের মধ্যে অর্থনৈতিক, সংসদীয়, শিক্ষাগত, প্রযুক্তিগত, শিল্প-সাহিত্য ও মানবিক কার্যক্রমের মাধ্যমে পিপল-টু-পিপল সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।

বৈঠকে ডা. শফিকুর রহমানের সঙ্গে গাজীপুর সিটি করপোরেশনের জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান এবং চিকিৎসক ডা. এসএম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *