
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ছাত্রশিবিরের তিন নেতা আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। আহতদের মধ্যে ছাতক উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি নাইমুর রহমান, কলেজ শাখার সেক্রেটারি মাহফুজুর রহমান ও সাবেক কলেজ সভাপতি আব্দুল আজিজ রয়েছেন।
ছাত্রশিবিরের অভিযোগ, নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার সময় সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহবুব আহমদ, সাবেক যুগ্ম আহ্বায়ক ইমন ও রাজনের নেতৃত্বে একদল নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে কয়েকজন আহত হন বলে দাবি সংগঠনটির।
শিবিরের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, হামলায় নাইমুর রহমান ও মাহফুজুর রহমানকে মারধর করে রক্তাক্ত করা হয়। এছাড়া আব্দুল আজিজকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়েছে বলে দাবি করা হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, সকালে নতুন ভর্তি হওয়া একাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্বাগত জানাতে কলেজ শাখা ছাত্রশিবির ফুল দিয়ে নবীনবরণের আয়োজন করে। অনুষ্ঠান চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার পর কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উত্তেজনা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযোগের বিষয়ে ছাতক উপজেলা ছাত্রদলের সভাপতি মাহবুব আহমদের বক্তব্য জানতে ফোন করা হলে তিনি মিটিংয়ে আছেন জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ফলে তার বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বর্তমানে ক্যাম্পাস এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।






