
১ সেপ্টেম্বর ২০২৬ | মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক: আজ ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বাণীতে তারেক রহমান বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলাদেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার দিন। তিনি বলেন, ১৯৭৮ সালের এই দিনে ঢাকার রমনা এলাকায় বিএনপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের বহুমাত্রিক গণতন্ত্রের নতুন পথচলা শুরু হয়।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে বলেন, তাঁর নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় এবং নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেওয়া হয়।
একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তারেক রহমান। তিনি বলেন, খালেদা জিয়া তাঁর নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে বিএনপিকে দেশের মানুষের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দিয়েছিলেন।
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকার দাবি
বিএনপির চেয়ারম্যান বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়ও বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে ভূমিকা পালন করেছে। দলের প্রতিষ্ঠার পর থেকে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন দিয়েছেন ও আহত হয়েছেন, তাঁদের অবদানও তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তারেক রহমান বলেন, দেশে যখনই জনগণ অবাধ, সুষ্ঠু ও নির্ভয়ে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। বিভিন্ন সময়ে বিএনপি সরকারের আমলে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন, নারীশিক্ষার প্রসারসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের শাসন-শোষণের অবসানের পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ আবার বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপি জনগণের আস্থার প্রতিদান দিতে চায়।
তারেক রহমান আরও বলেন, বিএনপি একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ন রেখে দলের নেতাকর্মীরা দেশসেবায় নিজেদের নিয়োজিত রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পাঁচ দিনব্যাপী কর্মসূচি
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
কর্মসূচির অংশ হিসেবে আজ ১ সেপ্টেম্বর সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল ৯টায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।
আগামী ৫ সেপ্টেম্বর বেলা ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন-বাংলাদেশ মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীরাও এতে অংশ নেবেন।
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিও নেওয়া হয়েছে। সারা দেশের জেলা ও মহানগর বিএনপি এবং দলের বিভিন্ন ইউনিট সুবিধাজনক সময়ে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করবে।
সর্বস্বত্ব সংরক্ষিত ©
Disclaimer: The information published by timetv24.info is collected from available sources and is published in good faith for public interest. Allegations mentioned in any report are presented as allegations and do not constitute a final determination of guilt.Time tv24 does not intend to defame or harm the reputation of any individual, organization, or institution. If any information is found to be inaccurate or requires correction, please contact us for appropriate review and correction.
© 2026 Time tv24. All Rights Reserved.






