প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, শনিবার | দুপুর ১:২৫টা
টাইম টিভি২৪ ডেস্ক
ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান ছাত্র আন্দোলনে এবার যোগ দিতে পারেন সাবেক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর সূত্রের বরাতে জানা গেছে, আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করতে আগামী সোমবার দিল্লি সফরে যাচ্ছেন তিনি।
শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি নিজের সমর্থন পুনর্ব্যক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন,
“শুরু থেকেই আমি শিক্ষার্থীদের এবং তাদের আন্দোলনের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছি। তাদের এই লড়াই শুধু নিট কেলেঙ্কারিতে ন্যায়বিচারের জন্য নয়, বরং দেশের প্রতিটি তরুণের ভবিষ্যৎ রক্ষার লড়াই। গোটা বিরোধী শিবির এবং দেশের মানুষ আমাদের শিক্ষার্থী ও তরুণদের পাশে রয়েছে।”
দিল্লিতে চলমান আন্দোলন ইতোমধ্যেই সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ছাত্র আন্দোলনে রূপ নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিক্ষোভে মমতা বন্দ্যোপাধ্যায়ের অংশগ্রহণ শুধু শিক্ষার্থীদের প্রতি সংহতির বার্তাই নয়, বরং জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের অবস্থান আরও দৃঢ়ভাবে তুলে ধরার কৌশল হিসেবেও দেখা হচ্ছে। বিশেষ করে সংসদ ও পশ্চিমবঙ্গ বিধানসভার সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে দলটির সক্রিয় ভূমিকার বার্তা দিতেই এ উদ্যোগ নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে মঙ্গলবার ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ ও ওয়াটার ক্যানন ব্যবহারের প্রতিবাদে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের অভিমুখে বিক্ষোভ মিছিল করে কংগ্রেস। সেই কর্মসূচিতে অংশ নেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী, পবন খেরা, পাঞ্জাব কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং, দীপেন্দর হুডা এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারসহ দলটির শীর্ষ নেতারা।
এবার যন্তর মন্তরে চলমান আন্দোলনে তৃণমূল কংগ্রেসের অংশগ্রহণের সম্ভাবনা তৈরি হওয়ায় দিল্লির এই ছাত্র আন্দোলন নতুন রাজনৈতিক গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
সূত্র: হিন্দুস্তান টাইমস

ছবি: মমতা বন্দ্যোপাধ্যায় (সংগৃহীত)




