সোনারগাঁয়ে গরম পানিতে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু, ৪৯ দিনের লড়াই শেষ

নিজস্ব প্রতিবেদক | টাইম টিভি ২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘুমন্ত অবস্থায় শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় দগ্ধ ১৩ বছর বয়সী আফরিন আক্তার মারা গেছে। দীর্ঘ ৪৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে শেষনিশ্বাস ত্যাগ করে সে।

আফরিনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তার মা রওশন আরা। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেওয়ার অভিযোগ ওঠে তার মামি সোনিয়া আক্তারের বিরুদ্ধে।

ঘটনার দিন দুপুরে আফরিনের মা রওশন আরা ও পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। ওই সময় ঘরে একা ঘুমিয়ে ছিল আফরিন। পরিবারের অভিযোগ, এ সুযোগে ঘরে প্রবেশ করে তার শরীরে গরম পানি ঢেলে দেন সোনিয়া আক্তার। এতে কোমরসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

পরে গুরুতর আহত অবস্থায় আফরিনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার বিবেচনায় তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তবে শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে যায় কিশোরীটি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আফরিনের মা রওশন আরার সঙ্গে তার ছোট ভাই জাকির হোসেনের পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রায়ই বিবাদ হতো। রওশন আরার অভিযোগ, জমিসংক্রান্ত বিরোধের পাশাপাশি একটি মুঠোফোন হারানোকে কেন্দ্র করেও তাদের মধ্যে বিরোধ তৈরি হয়েছিল। এসব ঘটনার জের ধরেই তার মেয়ের ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় আফরিনের মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত তিন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, কিশোরীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা বর্তমানে কারাগারে রয়েছেন। আফরিনের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া নেওয়া হবে। পাশাপাশি অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

মেয়েকে হারিয়ে শোকাহত মা রওশন আরা এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। ৪৯ দিনের দীর্ঘ লড়াই শেষে আফরিনের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *