জেলা পুলিশের দাবি, গ্রেপ্তার সবাই শুটার; ইমনের বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা

প্রকাশকাল: বুধবার, ২৯ জুলাই ২০২৬, বিকেল ৩:১৭ মিনিট

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিশেষ দল। বুধবার (২৯ জুলাই) সকালে অভিযান চালিয়ে তাঁকে পাঁচ সহযোগীসহ আটক করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম। তিনি জানান, ইমনের সঙ্গে আটক পাঁচজনই শুটার হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশের তথ্যমতে, ডেভিড ইমন বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৫টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা ইমন ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়া এলাকার আলোচিত জোড়া খুন এবং একই বছরের ২৩ মে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা মামলারও আসামি।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, ইমন অস্ত্র ব্যবহারে দক্ষ এবং তাঁর নেতৃত্বে ১৫ থেকে ২০টি আগ্নেয়াস্ত্র পরিচালিত হয়েছে বলে তথ্য রয়েছে। বাকলিয়ার জোড়া খুনের ঘটনায় অস্ত্রধারী সন্ত্রাসী ও মোটরসাইকেল ভাড়ার ব্যবস্থাপনার দায়িত্বেও তিনি ছিলেন বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

পুলিশ কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বিদেশে অবস্থানরত বড় সাজ্জাদের হয়ে বর্তমানে চট্টগ্রামে অপরাধচক্র পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন ইমন ও মোহাম্মদ রায়হান। এর আগে একই চক্রের নেতৃত্বে ছিলেন ছোট সাজ্জাদ, যিনি বর্তমানে কারাগারে রয়েছেন। রায়হানের বিরুদ্ধেও চাঁদাবাজি, হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে অন্তত আটটি মামলা রয়েছে।

গ্রেপ্তার হওয়া ইমন ও তাঁর সহযোগীদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

ছবি: Time tv24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *