চট্টগ্রাম: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন এক পরীক্ষার্থী। এ ঘটনায় তিনি নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে না পারায় জীববিজ্ঞান প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি।
ভুক্তভোগী শিক্ষার্থী নাজিয়াত শওকত তারিম। তিনি গতকাল (সোমবার) সকাল প্রায় ৯টার দিকে চট্টগ্রাম নগরীর শুলকবহর এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে এনায়েত বাজার মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন।
অভিযোগ অনুযায়ী, ফ্লাইওভারের মুরাদপুর অংশে পৌঁছালে দুই ব্যক্তি সিএনজিটি থামিয়ে নিজেদের একটি ব্যাংকের চাকরিজীবী পরিচয় দেন। তারা জরুরি কাজে যাওয়ার কথা বলে একই গাড়িতে ওঠেন। কিছুক্ষণ পর তারা তারিমের নাক-মুখে একটি রুমাল চেপে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন।
এরপর দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা ফাইল থেকে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, মোবাইল ফোন এবং মানিব্যাগে থাকা ৫০০ টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
পরে অচেতন অবস্থায় তাকে কালুরঘাট সেতু এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। জ্ঞান ফেরার পর তারিম কাপ্তাই রাস্তার মাথা পুলিশ বক্সে গিয়ে দায়িত্বরত এক পুলিশ সদস্যকে বিষয়টি জানান। খবর পেয়ে তার বড় ভাই ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।
ভুক্তভোগী নাজিয়াত শওকত তারিম চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট আল-আমিন হাউজিং সোসাইটির বাসিন্দা শওকত আলীর ছেলে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, অজ্ঞান পার্টির এমন কর্মকাণ্ড রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।
সতর্কতা: সিএনজিচালিত অটোরিকশা বা অন্য কোনো গণপরিবহনে ওঠার আগে সম্ভব হলে গাড়ির নম্বরের ছবি তুলে পরিবারের সদস্য বা পরিচিত কাউকে পাঠিয়ে রাখুন। সন্দেহজনক আচরণ লক্ষ্য করলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিন।







