প্রকাশকাল: ২৫ জুলাই ২০২৬, শনিবার | বিকেল ৪:২৬টা

ছবি: টাইম টিভি২৪-এর নিজস্ব প্রস্তুতকৃত
পাবনার সাঁথিয়ায় একটি মসজিদে জুমার নামাজকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্দেশদাতা থাকার অভিযোগ করেছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত এবং এর সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সম্পৃক্ততা রয়েছে।
ব্যারিস্টার মোমেনের ভাষ্য অনুযায়ী, স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর আমন্ত্রণেই তিনি সংশ্লিষ্ট মসজিদে জুমার নামাজে ইমামতি করতে যান। তবে সেখানে আগে থেকেই পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করা হয়। তার অভিযোগ, যাঁরা বাধা দিয়েছেন তাঁদের অধিকাংশই ওই এলাকার বাসিন্দা নন; বরং দূর-দূরান্ত থেকে আসা বিএনপির নেতাকর্মীরা মসজিদে অবস্থান নেন এবং পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন।
তিনি আরও অভিযোগ করেন, মসজিদে প্রবেশ ও ইমামতি করতে গেলে তাকে বাধা দেওয়া হয়। একপর্যায়ে মসজিদের ভেতরে হামলার ঘটনাও ঘটে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সংশ্লিষ্ট থানার ওসি এবং প্রশাসনের ভূমিকা ছিল নীরব ও নিষ্ক্রিয় বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মোমেন দাবি করেন, পুরো ঘটনার পেছনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর প্রত্যক্ষ ও পরোক্ষ উসকানি ও নির্দেশনা ছিল। তার ভাষায়, রাজনৈতিকভাবে তাকে হেয় ও বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি রাজনৈতিক কর্মসূচির পরিবর্তে সন্ত্রাস ও ফ্যাসিবাদী কৌশল বেছে নিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং প্রশাসনের ভূমিকা খতিয়ে দেখার দাবি জানান তিনি।
তবে উল্লেখ্য, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাইয়েদ বিন আব্দুল্লাহ, বিএনপি বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
টাইম টিভি২৪ এ ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করবে।






