যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো -বিএনপি নেতা রিপন

১৪ জুলাই, ২০২৬, বিকাল ০৪ :৪৫ মি

আপনারা বাঁশের খুঁটি দিয়ে খালে বাঁধ দিন, পরিবেশ তৈরি করুন। টাকা আমি দেবো। প্রতিটি ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীরা ভাগ করে মাছ চাষ করবেন।

সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষের নির্দেশ বিএনপি নেতার, অর্থায়নের আশ্বাস

টাইম টিভি২৪ ডেস্ক: কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের সরকারি খাল ও জলাশয়ে বাঁধ দিয়ে মাছ চাষের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রিপন হোসেন। তিনি জানান, এ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন তিনি নিজেই করবেন।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ওসমানপুর ইউনিয়নের হিজলাবট বাজার এলাকায় বিএনপির শাখা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিপন হোসেন বলেন, ওসমানপুরের তরুণ ও যুবসমাজ দীর্ঘদিন ধরে বিএনপির পাশে রয়েছে। তাদের কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যেই খাল ও জলাশয়গুলোকে কাজে লাগিয়ে মাছ চাষের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, “আপনারা বাঁশের খুঁটি দিয়ে খালে বাঁধ দিন, পরিবেশ তৈরি করুন। টাকা আমি দেবো। প্রতিটি ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীরা ভাগ করে মাছ চাষ করবেন।”

তিনি আরও জানান, খাল সংস্কারের মাধ্যমে স্থানীয় যুবকদের কর্মসংস্থানের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও রোগ প্রতিরোধে ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিমগাছ রোপণের উদ্যোগ নেওয়া হবে।

রিপন হোসেন বলেন, তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নিজে গিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করবেন এবং তাদের পরামর্শের ভিত্তিতে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন।

তিনি ইউনিয়নবাসীর উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, সবাইকে একসঙ্গে কাজ করে ওসমানপুরকে মাদক ও অপরাধমুক্ত, সমৃদ্ধ একটি ইউনিয়নে পরিণত করতে হবে। এ ক্ষেত্রে জনগণের সচেতনতা ও সহযোগিতাই হবে সবচেয়ে বড় শক্তি।

ছবি: বক্তব্য প্রদানকালে রিপন হোসেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *