পাহাড়ি ঢলে সুনামগঞ্জে সড়ক
সুনামগঞ্জ প্রতিনিধি:
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একটি পাকা সড়ক ভেঙে পড়েছে। এতে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের অন্তত আট গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জ-হবিগঞ্জ সীমান্তে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অতিরিক্ত পানির চাপ ও প্রবল স্রোতের কারণে বালিশ্রী, রৌয়াইল, হিলালপুর, টেংরাখালি, মেঘেরকান্দি ও হরিনাকান্দিসহ আশপাশের আট গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
টেংরাখালি গ্রামের বাসিন্দা আফাজ মিয়া জানান, কয়েক দিন ধরেই কুশিয়ারা নদীর পানি বাড়ছিল। শুক্রবার দুপুরে আকস্মিকভাবে পাহাড়ি ঢলের তীব্র স্রোতে সড়কটি ভেঙে যায়, ফলে স্থানীয়দের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়ক সংস্কার ও বিকল্প যোগাযোগের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।





