প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ | বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার অনলাইনে ফরম পূরণ ও ফি জমা দেওয়ার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ১৬ নভেম্বর থেকে বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ শুরু হবে। চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।
বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ নভেম্বর শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা প্রকাশ করা হবে। বিলম্ব ফি ছাড়া ব্যাংকে ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৪ নভেম্বর। অন্যদিকে, ১০০ টাকা বিলম্ব ফিসহ ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। বিলম্ব ফিসহ ফি জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর।
নিয়মিত পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিভাগে মোট ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৩৫ টাকা। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফি ২ হাজার ৩১৫ টাকা।
বোর্ড জানিয়েছে, নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৭ সালের সিলেবাস অনুযায়ী এবং অনিয়মিত বা মানোন্নয়ন পরীক্ষার্থীরা নির্ধারিত নিয়ম অনুসারে ২০২৫ ও ২০২৬ সালের সিলেবাসের ভিত্তিতে প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নেবেন।






