
ছবি: নিহত সামিহা হাকিম নিহা (১৯) — সংগৃহীত
ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়িতে বিয়ের মাত্র ছয় মাসের মাথায় সামিহা হাকিম নিহা (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্বামীসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফটিকছড়ি পৌরসভার দক্ষিণ রাঙ্গামাটিয়া গ্রামের রাজু সোলতান বাড়ির প্রবাসী লোকমান হাকিমের মেয়ে সামিহা হাকিম নিহার সঙ্গে একই উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকার মো. মারুফ পারভেজের প্রায় ছয় মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয়।
বিয়ের পর থেকে পরকীয়ার বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে সন্দেহ ও বিরোধ চলছিল বলে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো বলেও দাবি স্বজনদের।
মঙ্গলবার রাতে নিহার স্বামী মারুফ পারভেজ তার বাবার বাড়িতে ফোন করে জানান, নিহা অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরে মারুফ ও তার স্বজনেরা নিহাকে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহার পরিবারের দাবি, মৃত্যুর পর মরদেহ হাসপাতালে রেখে স্বামী মারুফ পারভেজসহ তার স্বজনেরা সেখান থেকে চলে যান। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের মা রূপা আকতার অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। তার দাবি, মারুফ পারভেজ একাধিকবার নিহাকে মারধরও করেছেন।
রূপা আকতারের অভিযোগ, নির্যাতনের একপর্যায়ে নিহাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, এ ঘটনায় নিহতের মা রূপা আকতার বাদী হয়ে স্বামী মারুফ পারভেজসহ দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩–৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, বুধবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
⚖️ হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—ময়নাতদন্ত প্রতিবেদন ও পুলিশের তদন্তেই মিলবে চূড়ান্ত উত্তর।
সর্বস্বত্ব সংরক্ষিত ©
Disclaimer: The information published by Time tv24 is collected from available sources and is published in good faith for public interest. Allegations mentioned in any report are presented as allegations and do not constitute a final determination of guilt. Time tv24 does not intend to defame or harm the reputation of any individual, organization, or institution. If any information is found to be inaccurate or requires correction, please contact us for appropriate review and correction.
© 2026 Time tv24. All Rights Reserved.






