“প্রিয় এই কাফেলা আমাকে দেশ ও জাতির কথা ভাবতে শিখিয়েছে, জড়তা ভেঙে দৃঢ়ভাবে কথা বলতে শিখিয়েছে এবং স্নেহময় পরিবেশে নেতৃত্বের গুণাবলি বিকশিত করেছে। ইসলামী ছাত্রশিবিরই আমার আত্মিক ও আধ্যাত্মিক বিকাশে পূর্ণাঙ্গ পথনির্দেশনা দিয়েছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। বিদায়ের সময় তিনি সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
সোমবার (১৩ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি লেখেন, দীর্ঘ পথচলার পর সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ছাত্রশিবির থেকে তার আনুষ্ঠানিক ছুটি হয়েছে।
সাদিক কায়েম বলেন, ছাত্রশিবিরের সঙ্গে কাটানো সময়ই ছিল তার জীবনের সবচেয়ে সুন্দর ও ফলপ্রসূ অধ্যায়। তিনি উল্লেখ করেন, সংগঠনটি তাকে দেশ ও জাতির কথা ভাবতে, জড়তা কাটিয়ে কথা বলতে এবং নেতৃত্বের গুণাবলি বিকশিত করতে সহায়তা করেছে। একই সঙ্গে আত্মিক ও আধ্যাত্মিক বিকাশে সংগঠনের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।
স্মৃতিচারণ করে ডাকসু ভিপি লেখেন, সংগঠনের দায়িত্বশীল ও কর্মীদের সান্নিধ্য তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। জীবনের প্রতিটি পর্যায়ে তাদের কাছ থেকে তিনি শিক্ষা ও প্রেরণা পেয়েছেন বলেও জানান।
পোস্টের শেষাংশে সাদিক কায়েম ইসলামী ছাত্রশিবিরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সংগঠনের কর্মীদের জন্য দোয়া প্রার্থনা করেন।







