আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের কথা জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক | Time TV24

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের উদ্যোগ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুরে শহীদ আবু সাঈদের নামে নামকরণ করা স্টেডিয়াম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে পেট্রলবোমা নিক্ষেপ, থানা পোড়ানোসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব কিংবা শহীদ আবু সাঈদের মতো শহীদদের আত্মত্যাগকে অস্বীকার করে নতুন কোনো পরিস্থিতি তৈরি করা সম্ভব হবে না।

বর্তমান সরকারকে মানবিক, ধৈর্যশীল ও গণতন্ত্রের প্রতি আস্থাশীল উল্লেখ করে মীর শাহে আলম বলেন, আগের সরকারের মতো গুম, হত্যা কিংবা গুলি চালিয়ে কাউকে নির্মূল করার নীতি বর্তমান সরকার অনুসরণ করতে চায় না। মানবিক দৃষ্টিকোণ থেকে বিভিন্ন পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করা হচ্ছে।

তিনি আরও বলেন, কোনো এলাকার মানুষ যদি মনে করে সেখানে থানা বা সরকারি অফিস-আদালতের প্রয়োজন নেই, তাহলে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। উন্নয়ন ও সরকারি সেবা কার্যক্রমের ক্ষেত্রেও জনগণের চাহিদাকে প্রাধান্য দেওয়ার কথা জানান তিনি।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটি সঠিক ও যৌক্তিক ছিল বলে এখন জাতির সামনে প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া চলছে, সেখানে আওয়ামী লীগকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এ জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল ঐকমত্যের মাধ্যমে সেই উদ্যোগ নেবে।

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, ইতিমধ্যে এ নির্বাচনসংক্রান্ত আইন সংশোধন করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না। নির্বাচনে ধানের শীষসহ কোনো জাতীয় রাজনৈতিক দলের প্রতীক ব্যবহারের সুযোগ থাকবে না। পাশাপাশি দলীয়ভাবে সরাসরি মনোনয়ন দেওয়ার ব্যবস্থাও থাকছে না।

তিনি জানান, প্রার্থীরা ব্যক্তি পরিচয়ে নির্বাচনে অংশ নেবেন। তবে বিএনপির সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী, উপজেলা বিএনপি স্থানীয়ভাবে আলোচনা করে রেজুলেশনের মাধ্যমে প্রার্থীদের সমর্থন জানাতে পারবে।

কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করলে উপজেলা বা জেলা বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ কেন্দ্রে বিষয়টি জানাতে পারবে। সে ক্ষেত্রে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।

শহীদ আবু সাঈদের নামে রংপুর স্টেডিয়াম

এদিকে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের নামে রংপুরের স্টেডিয়ামের নামকরণের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এ সময় তিনি বলেন, কোনো এলাকায় আন্তর্জাতিক মানের খেলাধুলার আয়োজন হওয়া যেমন ওই এলাকার গৌরবের বিষয়, তেমনি সেখানকার মানুষেরও এসব খেলা উপভোগ করার অধিকার রয়েছে।

স্টেডিয়ামটির সংস্কারের জন্য ইতিমধ্যে ৫৪ লাখ টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল মাবুদ এবং রংপুর মহানগর পুলিশের কমিশনার মো. মাহবুবুর রশীদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *