ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ, নিহত ২

টাইম টিভি২৪ | নিজস্ব প্রতিবেদক

রংপুরের তারাগঞ্জে বাসভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে লাথি ও ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বাসের হেলপার ও সুপারভাইজারের বিরুদ্ধে। এ ঘটনায় দুই যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। ঘটনার প্রতিবাদে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, কুমিল্লা থেকে ঠাকুরগাঁওগামী একটি যাত্রীবাহী বাস জিগাতলা এলাকায় পৌঁছালে ভাড়া নিয়ে কয়েকজন যাত্রীর সঙ্গে বাসের কর্মীদের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে বাসের সুপারভাইজার তিন যাত্রীকে ধাক্কা দিলে তারা চলন্ত বাস থেকে সড়কে পড়ে যান। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান আরেকজন। আহত অপর ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) এবং লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।

বাসের যাত্রী আতিক ইসলাম জানান, তাঁর কাছে টাকা থাকায় তাঁকে বাস থেকে নামানো হয়নি। তবে বাসের হেলপার ও সুপারভাইজার তাঁকে জিম্মি করে গলায় গামছা পেঁচিয়ে ধরেন। এ সময় মুকুল ও শাকিব তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁদের চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

আতিক আরও জানান, পরে তাঁর চিৎকার শুনে একটি মাইক্রোবাসের যাত্রীরা বিষয়টি দেখতে পান এবং স্থানীয়দের খবর দেন। এরপর স্থানীয় লোকজন বাসটি আটক করেন। বাসটি আটকানো না হলে তাঁকেও চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হতো বলে দাবি করেন তিনি।

নিহত শাকিবের বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তাঁর ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে একটি বাসে করে বাড়ি ফিরছিলেন। তাঁদের সঙ্গে থাকা চাচা আতিকের কাছে তিন লাখ টাকা ছিল। তারাগঞ্জ পার হওয়ার পর বাসের কর্মীরা আতিককে জিম্মি করেন। এ সময় তাঁকে রক্ষা করতে গেলে মুকুল ও শাকিবকে লাথি ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। তাঁদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিকেও উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

তারাগঞ্জ ফায়ার স্টেশনের কর্তব্যরত কর্মকর্তা তাপস রায় জানান, জিগাতলায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে দুই যাত্রীর মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *