
চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী একটি মাইক্রোবাস। একটি বাসের ধাক্কায় মাইক্রোবাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও বাবুনগরীসহ গাড়িতে থাকা কেউ আহত হননি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম ফেনী জেলা শাখার সহপ্রচার সম্পাদক মাওলানা আজিজুল্লাহ আহমদী।
স্থানীয় সূত্র ও হেফাজত নেতাদের ভাষ্য অনুযায়ী, নোয়াখালীর উদ্দেশে চট্টগ্রাম থেকে রওনা হওয়ার পর বাবুনগরীকে বহনকারী মাইক্রোবাসটি বারইয়ারহাট এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে ঢাকাগামী একটি বাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার খবর পেয়ে হেফাজতে ইসলাম ফেনী জেলা শাখার নেতারা ঘটনাস্থল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন। পরে তারা ফেনীর মহিপাল এলাকায় যান। সেখানে স্থানীয় প্রশাসন, বাস মালিক সমিতি ও স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয়েছে বলে হেফাজত নেতারা জানান।
মাওলানা আজিজুল্লাহ আহমদী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তারা মহিপালে যান। তবে এতে হেফাজত আমিরসহ গাড়িতে থাকা কারও কোনো ক্ষতি হয়নি। পরে আল্লামা শাহ মহিব্বুল্লাহ বাবুনগরীকে অন্য একটি গাড়িতে করে নোয়াখালীর উদ্দেশে পাঠানো হয়।






