
জাতীয় সংসদে র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের বিল পাস হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিরোধী দলের আপত্তির মুখে বিলটি সংসদে পাস হয়। বিলটি নিয়ে বিরোধী দলের সদস্যরা জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব দিলেও কণ্ঠভোটে তা নাকচ হয়ে যায়।
নতুন আইনে বলা হয়েছে, পুলিশের আওতাধীন একটি বিশেষায়িত ইউনিট হিসেবে এসআরবি গঠিত হবে। ইউনিটটির প্রধান হিসেবে পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে।
তবে বিলটি নিয়ে বিরোধী দলের আপত্তি রয়েছে। তাদের দাবি, র্যাবের জনবল, ক্ষমতা, কর্তৃত্ব, সম্পদ, তহবিল, নথিপত্র ও অন্যান্য বিষয় এসআরবিতে স্থানান্তর করা হচ্ছে। ফলে নাম পরিবর্তন হলেও কার্যত র্যাবের কাঠামোই নতুন নামে থেকে যাচ্ছে।
বিরোধী দলের একাধিক সদস্য সংসদে বলেন, র্যাব বিলুপ্তির দাবি থাকলেও একই ধরনের আরেকটি বাহি নী গঠনের দাবি কেউ করেনি। তাদের অভিযোগ, শুধু ‘সাইনবোর্ড’ পরিবর্তন করে র্যাবকে এসআরবি নামে রাখা হচ্ছে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী র্যাব বিলুপ্ত করা হচ্ছে। নতুন এসআরবির সঙ্গে র্যাবের কোনো সম্পর্ক থাকবে না।
র্যাবের সম্পদ ও সরঞ্জাম এসআরবিতে স্থানান্তরের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাবের অস্ত্র, সরঞ্জাম ও অন্যান্য রাষ্ট্রীয় সম্পদ কোথাও না কোথাও স্থানান্তর করতে হবে। এগুলো নতুন বাহিনীর কাছে গেলে নতুন করে এসব সরঞ্জাম কেনার প্রয়োজন হবে না।
বিলে এসআরবিকে ফৌজদারি অপরাধ তদন্ত, তল্লাশি, গ্রেপ্তার ও জব্দ করার ক্ষমতা দেওয়ার বিধান রাখা হয়েছে। পাশাপাশি ইউনিটটির নিজস্ব হাজতখানা, মালখানা ও জিজ্ঞাসাবাদের কক্ষ রাখার সুযোগও থাকছে।
বিলে আরও বলা হয়েছে, র্যাবের জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, অর্থ, দায়, চুক্তি, স্থাবর ও অস্থাবর সম্পত্তি, রেকর্ডপত্রসহ বিভিন্ন দলিল এসআরবির কাছে স্থানান্তর করা হবে।
র্যাবের অতীত কর্মকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন মহলে দীর্ঘদিন ধরে সমালোচনা রয়েছে। এরই ধারাবাহিকতায় বাহিনীটি বিলুপ্ত করে নতুন কাঠামো গঠনের উদ্যোগ নেয় সরকার।
এদিকে এসআরবি বিল পাসের পর ‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন করতে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল–২০২৬’ও সংসদে পাস হয়েছে। নতুন আইনে এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্ত, তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা দেওয়ার বিধান রাখা হয়েছে।
Disclaimer: The information published by Time TV24 is collected from available sources and is published in good faith for public interest. Allegations mentioned in any report are presented as allegations and do not constitute a final determination of guilt. Time TV24 does not intend to defame or harm the reputation of any individual, organization, or institution. If any information is found to be inaccurate or requires correction, please contact us for appropriate review and correction.
সর্বস্বত্ব সংরক্ষিত ©
© 2026 Time TV24. All Rights Reserved.






