জাতীয় বাজেট নিয়ে সংসদে টানা ৪৮ ঘণ্টা ৫১ মিনিট আলোচনা, অংশ নিলেন ৩১৬ এমপি

টানা ৪৮ ঘণ্টা ৫১ মিনিটের আলোচনা শেষে পাস হলো ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট; অংশ নিলেন ৩১৬ এমপি

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাসের মধ্য দিয়ে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের গুরুত্বপূর্ণ পর্ব। বাজেট অনুমোদন ও দুটি বিল পাসের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশন আগামী ৭ জুলাই বিকেল ৩টা পর্যন্ত মূলতবি ঘোষণা করেন।

গত ৭ জুন শুরু হওয়া এ অধিবেশনে বাজেটের সাধারণ আলোচনা, সম্পূরক বাজেট এবং অর্থ বিলসহ সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন হয়। সাধারণ ও সম্পূরক বাজেটের আলোচনায় মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিট সময় ব্যয় হয়।

কণ্ঠভোটে পাস হওয়া এ বাজেট বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম জাতীয় বাজেট। এর আগে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সর্বশেষ বাজেট উপস্থাপিত হয়েছিল ২০০৬-০৭ অর্থবছরে, তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মাধ্যমে।

নতুন বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতির প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির ৩ দশমিক ৬ শতাংশের সমপরিমাণ। বাজেটের মোট আকার সম্ভাব্য জিডিপির ১৩ দশমিক ৭ শতাংশ। আগামী অর্থবছরে রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে আদায়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৪ হাজার কোটি টাকা।

বাজেটের সাধারণ আলোচনায় অংশ নেন ২৯১ জন সংসদ সদস্য। এ আলোচনা চলে ৪৫ ঘণ্টা ৫১ মিনিট। সরকারি দলের ২০০ সদস্য ৩২ ঘণ্টা ৩ মিনিট এবং বিরোধী দলের ৯১ সদস্য ১৩ ঘণ্টা ৪৮ মিনিট বক্তব্য দেন।

অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের আলোচনায় অংশ নেন ২৫ জন সংসদ সদস্য। এ পর্বে আলোচনা চলে ৩ ঘণ্টা ৩ মিনিট। সরকারি দলের ১৮ সদস্য ২ ঘণ্টা ১৪ মিনিট এবং বিরোধী দলের ৭ সদস্য ৪৯ মিনিট বক্তব্য রাখেন।

সব মিলিয়ে বাজেটের সাধারণ ও সম্পূরক আলোচনায় মোট ৩১৬ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন। সংসদীয় ইতিহাসে অংশগ্রহণের এ হারকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *